১১/১০/২০২৪ -শুক্র বার:- অষ্টমীর অঞ্জলি দেখতে এসে মোমবাতির আগুন লেগে বিপত্তি স্কুল ছাত্রের
অষ্টমী পূজো চলাকালীন স্কুল ছাত্রের পাঞ্জাবিতে আগুন লেগে বিপত্তি। মোমবাতির আগুনে শরীরের অনেকাংশ ঝলসে গেল স্কুল ছাত্রের। মহাঅষ্টমী পূজা চলাকালীন ঘটনাটি ঘটেছে, ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর প্রবর্তক আশ্রমে।
শুক্রবার ভোরে যখন মহাঅষ্টমীর অঞ্জলি চলছিল। সেই সময় ফ্রেজারগঞ্জের লক্ষীপুর প্রবর্তক আশ্রমের চতুর্থ শ্রেণীর ছাত্র সুকমল দাস মন্দিরের সামনে বসেছিল। মায়ের মন্দিরের সামনে তখন চলছিল অঞ্জলি। প্রতিমার সামনে রাখা জ্বলন্ত মোমবাতি থেকে হঠাৎই ওই ছাত্রের পাঞ্জাবিতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো পাঞ্জাবিটিতে আগুন ধরে যায়। অঞ্জলি দিতে আসা পাশাপাশি থাকা মানুষজন দেখতে পেয়ে ওই ছাত্রকে আশ্রমের পুকুরে নিয়ে গিয়ে কোনরকমে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে চতুর্থ শ্রেণীর ছাত্র সুকমলের পিঠে এবং বুকের অনেকটা অংশে ঝলসে যায়। কোনক্রমে তাকে উদ্ধার করে স্থানীয় ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে তার প্রাথমিক চিকিৎসা করার পরেই দ্বারিকনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। এখন ওই ছাত্রের শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি।
আশ্রম সূত্রে জানা যায়, সুকমলের বাড়ি নামখানা ব্লকের ৮ মাইল এলাকায়। কাজের সূত্রে তার বাবা-মা ভিন রাজ্যে থাকেন। সুকমলের মাসির বাড়ি ফ্রেজারগঞ্জ এলাকায়। তার মাসি সুকমলকে আশ্রমে ভর্তি করে দেয়। সেখানে থেকেই পড়াশোনা করত সুকমল। প্রতিবছরের মত এবছরও মহা অষ্টমীর দিন প্রবর্তক আশ্রমে দুর্গাপুজোর অঞ্জলি চলছিল। অন্যান্য ছাত্রছাত্রীদের পাশাপাশি সুকমল অষ্টমীর অঞ্জলি দেখার জন্য মন্দিরে এসেছিল। কিন্তু মোমবাতির আগুনে পুরো পুজোর আনন্দটাই যেন ফেকাশে হয়ে গেল সুকমলের।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন